সুদীপ্তা পাল ১ কলকাতার জুন মাসের সন্ধ্যাবেলা যেন সব সময় একটু বেশি ক্লান্ত লাগে। সায়ন্তনী দত্ত অফিস থেকে ফিরেই মোজা খুলে বিছানার কোণে ছুঁড়ে ফেলে দিল, আবার চোখ রাখল ফোনে — স্ক্রিনে লেখা, “Missed call from unknown number.” এভাবে হুটহাট কল আসে প্রায়ই, বেশিরভাগই ক্রেডিট কার্ড অফার বা ওয়ারেন্টি বাড়ানোর ফাঁদ। কিন্তু আজ অফিসে বসে একটা ফোন করেছিল সে, তড়িঘড়ি করে, সেলস টার্গেটের তাড়নায়—কাস্টমার কেয়ার ভেবে একটা নাম্বার ডায়াল করেছিল, তারপর যেই না ওপার থেকে একজন ঠান্ডা, গম্ভীর কণ্ঠে “হ্যালো?” বলল, তখনি সে বুঝে গেছিল নাম্বারটা ভুল। সে “সরি, wrong number” বলে ফোন কেটে দিলেও কণ্ঠটা কেমন যেন থেকে গেল…